গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ অপরিমেয় : খেলাফত মজলিস
অনলাইন প্রতিবেদক
দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুতে এক যৌথ শোক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ মন্তব্য করেন।
যৌথ শোক বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি এবং জাতির ইতিহাসে এক মহিরুহ নেত্রীর সকল অবদান গভীরভাবে স্মরণ করছি। বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহাকাব্য। তিনি গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে এসে বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম হয়ে ওঠেন। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি কখনোই নিজের জীবনের স্বার্থকে দেশের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেননি; বরং ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন।
নেতৃদ্বয় আরও বলেন, আমরা জানি— তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। রাজনৈতিক নিপীড়ন, অন্যায় কারাবাস ও দীর্ঘমেয়াদি চিকিৎসা-বঞ্চনার ফলে তার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কঠোর নিপীড়ন, অন্যায় কারাবাস ও অব্যাহত নির্যাতনের শিকার হলেও কখনোই দেশ ও উম্মাহর কল্যাণের আকাঙ্ক্ষা কিংবা গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছপা হননি। শেষ পর্যন্ত তিনি ছিলেন সেই নেত্রী, যিনি ধর্ম, দেশ ও মানুষের অধিকারকে সমান গুরুত্ব দিয়ে সম্মান করেছেন।
বিবৃতিতে বিশেষভাবে বলা হয়, এই শোকঘন মুহূর্তে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সঙ্গে বেগম খালেদা জিয়ার গভীর সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের কথা স্মরণ করছি। আলেম সমাজের প্রতি তার সম্মান, ভালোবাসা এবং ইসলামী প্রতিষ্ঠান গঠনে রাষ্ট্রীয় সহায়তার মনোভাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃদ্বয় বলেন, আমরা এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করি। তার জীবনসংগ্রাম, সহিষ্ণুতা ও বিচক্ষণ নেতৃত্বের শিক্ষা জাতি কখনো বিস্মৃত হবে না। মহান আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এই শোক বহনের তাওফিক দান করুন।
বিডি প্রতিদিন/কেএ
