‘গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করতে হবে’
অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচিত সরকারকে দ্রুত হটানোর জন্য আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, এক দফা দেওয়ার মতো কিছু আসেনি। গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে-সেইটুকু ধৈর্য আমাদের থাকতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের পাটোয়ারী।
আবদুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দায়িত্ব শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করতে হবে।
সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করার আগে সরকারের হাতে থাকা সময়ও বিবেচনায় নেওয়া উচিত। মাত্র কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের সংকটের সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘তারেক রহমানের হাতে তো আলাদিনের চেরাগ নেই। তিন, চার বা পাঁচ মাসের মধ্যে চেরাগে ঘষা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না।’
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল সরবরাহেও প্রভাব পড়ছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের সমস্যাও রয়েছে। এসব সংকট সমাধানে সময় প্রয়োজন।
তিনি বলেন, ‘একটি গাছ লাগানোর পর সেটিকে বড় হতে সময় দিতে হয়, পানি দিতে হয় এবং ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয়। একইভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় ও সহযোগিতা প্রয়োজন।’
আবদুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকতেই পারে। তবে সবার আগে জনগণের অভাব-অভিযোগের সমাধান করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হলে তাদের জীবনযাত্রার সমস্যা সমাধানেই রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, ২৫ কোটি গাছ লাগানো, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের মতো কর্মসূচি দেশের স্বার্থেই নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত এসব কাজে সহযোগিতা করা।
দেশের জ্বালানি সংকট সমাধানে কূপ খননসহ সরকারের বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, লংমার্চ বা সংঘাতের কর্মসূচির পরিবর্তে কীভাবে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘এখন সরকারকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই দায়িত্ব নেবে।’
তিনি বলেন, ‘এখন নিজেরা কামড়াকামড়ি না করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করি। সময় দিই, যাতে দেশকে কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনা যায়।’
