গণতন্ত্রের স্বার্থেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: নবীউল্লাহ নবী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শনিবার সন্ধ্যায় রাজধানীর ভাঙ্গা প্রেস এলাকায় নবী টাওয়ারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ঢাকা-৫ আসনের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নবীউল্লাহ নবী
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ঢাকা-৫ আসনের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ভাঙ্গা প্রেস এলাকায় নবী টাওয়ারে এ দোয়া ও অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নবীউল্লাহ নবী। এসময় ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকা ডেমরা ও যাত্রাবাড়ী থানার সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, দেশের জন্য, জনগণের জন্য আমার জীবনের ৪০ বছরের রাজনীতির অর্ধেক সময় কেটেছে জেলখানায়। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল আমার। সার্বিক বিষয় বিবেচনা করে তারুণ্যের অহংকার তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকা মূলত একটা ময়লার ভাগাড়। বিগত সরকারের এমপিরা এই এলাকায় সৃজনশীল ও পরিবেশবান্ধব তেমন কোনো কাজই করেন নাই। আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে এই এলাকার সকল উন্নয়ন কাজে নিজেকে আত্মনিয়োগ করব। আর দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ক্ষমতায় আনতে হবে।
এ সময় তিনি ঢাকা-৫ আসনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করতে নেতাকর্মীদের আত্মনিয়োগের বিশেষ নির্দেশনা দেন।
