গণভোটের নাটক ও গোপনে আঁতাত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কোষাধ্যক্ষ ও দল মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আন্দোলনরত আট দল গণভোটসহ পাঁচ দফা দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। তবে বিএনপি এটিকে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে, যার মূল উদ্দেশ্য হাসিনার রায় বিলম্বিত করা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ভোটের মাঠে জনসমর্থন হারিয়ে আট দল দিশাহারা হয়ে পড়েছে এবং হতাশায় তারা পুনরায় আওয়ামী লীগের ছায়াতলে আশ্রয় নিতে চাইছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ১৯৯৬ সালের মতো এবারও তারা আওয়ামী লীগের সঙ্গে অঘোষিত সমঝোতা করছে। আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে, ঠিক একই সময়ে আট দলের ১১ নভেম্বরের সমাবেশকে মিল্লাত কাকতালীয় নয় বলে মনে করছেন। এর মাধ্যমে তারা আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে মাঠের পরিস্থিতি সংঘাতপূর্ণ করার চেষ্টা করছে। মিল্লাত সন্দেহ প্রকাশ করেছেন যে, যারা এতদিন আওয়ামী লীগের ছায়াতলে গুপ্তভাবে লুকিয়ে ছিল তারাই গণভোটের নামে নির্বাচনের মাঠে বিভ্রান্তি তৈরি করতে চায়। তিনি প্রশ্ন রাখেন যে, এরা গণভোটের নামে আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ভোটের মাঠকে অন্যদিকে প্রভাবিত করে হাসিনার রায় ঠেকানোর নাটক সাজাচ্ছে কি না। মিল্লাত স্পষ্ট করেছেন যে, বিএনপি এমন রাজনৈতিক প্রতারণা বা গোপন আঁতাতে নিরুৎসাহিত হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল শক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অটুট অবস্থানে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights