গণমাধ্যমের সঙ্গে কথা বলায় সাজা বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বন্দি এক ব্রিটিশ নাগরিকের ১০ বছরের কারাদণ্ডের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। কারাবন্দি ওই ব্যক্তির নাম ক্রেগ ফোরম্যান। তেহরানের এভিন কারাগার থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অপরাধে তার এই শাস্তি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
গত বছরের জানুয়ারি মাসে ইউরোপ থেকে মোটরসাইকেলে করে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরান পার হওয়ার সময় ক্রেগ ফোরম্যান এবং তার স্ত্রী লিন্ডসে ফোরম্যানকে আটক করা হয়। দম্পতিটি শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের উভয়কে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
লিন্ডসে ফোরম্যানের ছেলে ও পরিবারের মুখপাত্র জো বেনেট জানান, আইনজীবীর সঙ্গে দেখা করানোর কথা বলে ক্রেগকে বিচারকের সামনে হাজির করা হয় এবং কোনো আইনজীবী, দোভাষী বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই গোপনে এই অতিরিক্ত সাজা ঘোষণা করা হয়।
কারাগারে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ায় গত মে মাস থেকে এই দম্পতি অনশন ধর্মঘট পালন করছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, অনশনের কারণে ক্রেগ প্রায় ১৬ কেজি ওজন হারিয়েছেন এবং লিন্ডসে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই দম্পতির ১০ বছরের সাজাকে অত্যন্ত মর্মান্তিক ও অযৌক্তিক বলে আখ্যা দেওয়া হয়েছে এবং সাজার মেয়াদ বাড়ানোর খবরে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
