গতির রেকর্ড, ড্রোন ছুটল ৪১১ মাইল বেগে!

অনলাইন ডেস্ক

ব্যাটারিচালিত রিমোট কন্ট্রোল ড্রোনের দুনিয়ায় গতির নতুন ইতিহাস তৈরি করলেন ডিআইওয়াই প্রকৌশলী বেঞ্জামিন বিগস। মাত্র দুই সপ্তাহ আগে নিজের রেকর্ডটি হারিয়েছিলেন মাইক ও লিউক বেল জুটির কাছে। তবে দমে না গিয়ে মাত্র ১৫ দিনের মাথায় নিজের তৈরি ‘ব্ল্যাকবার্ড’ ড্রোনের চতুর্থ সংস্করণের মাধ্যমে আবারও বিশ্বসেরার খেতাব নিজের দখলে নিলেন এই তরুণ উদ্ভাবক।

ড্রোনের এই অবিশ্বাস্য গতির রেকর্ড গড়ার পথে বেঞ্জামিন বিগস সর্বোচ্চ ৬৬১ কিমি (৪১১ মাইল প্রতি ঘণ্টা) গতির গড় রেকর্ড স্পর্শ করেন। যদিও বাতাসের অনুকূলে চলার সময় ড্রোনটি একবার সর্বোচ্চ ৬৯০ কিমি (প্রতি ঘণ্টা) পর্যন্ত গতি তুলতে সক্ষম হয়েছিল। পেশাদার কোনো পর্যবেক্ষক উপস্থিত না থাকায় রেকর্ডটি এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে থাকলেও ড্রোনের যান্ত্রিক সক্ষমতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

এই অভাবনীয় গতি অর্জনের জন্য ব্ল্যাকবার্ড ড্রোনে আমূল পরিবর্তন এনেছেন বেঞ্জামিন। সাধারণত ড্রোন বা ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ভোল্টেজ ব্যবহার করা হলেও তিনি এবার দুটি ব্যাটারিকে সিরিজে যুক্ত করে তা ওভারচার্জ করেন। এতে ভোল্টেজ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ড্রোনের ভেতরের তাপমাত্রা আগের তুলনায় বেশ কম ছিল। প্রযুক্তিগতভাবে একটি বড় সাফল্য। এমনকি তার এই অভিনব পদ্ধতি দেখে প্রতিদ্বন্দ্বী লিউক বেল নিজেও এটি ব্যবহারের কথা ভাবছেন।

যান্ত্রিক নকশায় আরও চাতুর্যের পরিচয় দিয়েছেন বেঞ্জামিন। ড্রোনের উইং বা ডানাগুলোকে বেশি পাতলা করার জন্য তিনি কাস্টমাইজড অ্যাম্যাক্স মোটর ব্যবহার করেছেন। এছাড়া কার্যকারিতা বাড়াতে মোটরগুলোকে ডানার আরও সামনের দিকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। বেঞ্জামিন বিগসের এই নতুন অর্জনে প্রতিদ্বন্দ্বী বেল জুটি তাকে অভিনন্দন জানিয়েছেন। এই গতির লড়াইকে আরও সামনে এগিয়ে নিতে শিগগিরই নতুন কিছু নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights