গভীর রাতে নিখোঁজ, ভোরে ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে নিখোঁজ হওয়ার পর ভোরে ভুট্টাক্ষেত থেকে জয় ইসলাম ওরফে জলিল নামে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার দিবাগত গভীর রাতে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত যুবক জয় ইসলাম ওরফে জলিল (২৭) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিকপাড়া এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিজপাড়া ইউনিয়নের হাবলু হাট বাজার থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে পাশের একটি ছোট বাজারে যান জয় ইসলাম। পরে বাড়িতে ফিরে নিজ কক্ষে ঘুমাতে যান। তবে গভীর রাতে তার বাবা ঘুম থেকে জেগে দেখেন ঘরের দরজা খোলা, কিন্তু জয় ইসলাম নেই। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে তার চাচাতো ভাই আইনুল ও প্রতিবেশী বেলাল বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতের আইলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ চলছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights