গলাচিপায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর ও একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে।

বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গলাচিপা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এছাড়া গলাচিপা পৌরসভা, গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights