গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১০০ বিঘা গম

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই শেষ হয়ে গেছে কৃষকদের মৌসুমের শেষ আশা। প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার হাড়িয়াদহ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। কৃষক ওসমান আলী নিজের জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তীব্র বাতাসের কারণে কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের জমিগুলোর পাকা গমে আগুন ধরে যায়। মুহূর্তেই বিস্তীর্ণ এলাকা দাউদাউ করে জ্বলতে থাকে।

প্রথমদিকে স্থানীয় কৃষকরা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই পুরো ক্ষেত পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তোলার কথা ছিল। কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটতে বিলম্ব হচ্ছিল। তাদের মতে, এই বিলম্বই শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। পাশাপাশি তিনি কৃষকদের খোলা মাঠে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights