গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা বুবলী
গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী নৌকার মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বিকেলে ফারজানা রাব্বী বুবলী তার অনুসারীদের নিয়ে ফুলছড়ি উপজেলা শহরে মিছিল শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান মনোনয়ন গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ অনেকে।
এ সময় ফারজানা রাব্বী বুবলী বলেন, বঙ্গবন্ধুর সৈনিক আমরা। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না। আগামী নির্বাচনে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ রয়েছে সেটাকে বিবেচনা করে প্রার্থী হওয়ার বিষয়টি ওপেন করে দেওয়ার জন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
