গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতির মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহিদুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে জাহিদুল ইসলাম ও কবির মিয়া মোটরসাইকেলে বামনডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৭-৮ জন হঠাৎ রশি টেনে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। এ সময় ধারাল অস্ত্র দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় তার সঙ্গে থাকা কবিরকে। পরে রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে জাহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তির পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু বলেন, পরিকল্পিতভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গুরুতর আহত অবস্থায় জাহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
