গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত
গাইবান্ধা প্রতিনিধি
রবিবার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যায়।
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
রবিবার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগম নিহত হন। আহত হন অন্তত ১০ জন যাত্রী। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
