গাজায় ইসরায়েলি সেনা নিহত, তিন জিম্মির মরদেহ উদ্ধার

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর অনুসারে, নিহত সেনা প্যারাট্রুপার্স ব্রিগেডের সিগন্যাল কোম্পানির সার্জেন্ট বেন অভিশায় (২০)।

তার মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের স্থল অভিযানের সময় নিহত সেনার সংখ্যা ২৮০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উদ্ধারকৃতরা হলেন শানি লোক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন্তার।
এই তিনজন গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফ্যাস্টিভালে নিহত হন। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভাল। হামাসের হামলায় ওই ফেস্টিভালে ৩৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। ওইদিন হামাসের হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন। সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights