গাজীপুরে রেলে নাশকতা, ২ তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জেলা গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান।

তিনি জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার লক্ষ্যে ঘটিয়েছে। তারপরও ঘটনাটি সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কমিটিতে বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসকসহ আরও ৭ জনকে সদস্য করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম এ ঘটনাকে নাকশতামূলক কাজ হিসেবে দাবি করে বলেন, আমাদের টিম কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই নাশকতাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights