গুগল ম্যাপের ভুলে নির্মাণাধীন সেতু থেকে নদীতে গাড়ি, নিহত ৩
দীপক দেবনাথ, কলকাতা
গুগল ম্যাপের ওপর অতিরিক্ত নির্ভরতা! আর তাতেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার পথে মৃত্যু হল তিন যুবকের।
যাত্রাপথ কমিয়ে নির্ভুলভাবে গন্তব্য পথে পৌঁছানোর জন্য গুগল ম্যাপের সহায়তা নিয়েছিল ওই তিন যুবক। সে অনুযায়ী একটি নির্মাণাধীন সেতুর ওপর দিয়ে চলতে শুরু করে ওই তিন বন্ধুকে বহনকারী গাড়িটি। সেতুর মাঝামাঝি গিয়ে হঠাৎ করেই গাড়িটি সেতু থেকে নদীতে পড়ে যায়। আর তাতেই মৃত্যু হয় ওই তিন যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে বেরেলি জেলায়।
গত শনিবার এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে দুজনকে চিহ্নিত করা গেছে, তারা হলেন- বিবেক এবং অমিত।
হরিয়ানার গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বেরেলিতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তারা গাড়ি করে যাচ্ছিলেন। স্বাভাবিকভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য গুগল ম্যাপের ওপর নির্ভর করছিলেন তারা। যাত্রা পথের মাঝখানে গুগল ম্যাপের দেখানো পথ নির্দেশিকা অনুযায়ী একটি অসমাপ্ত সেতুতে উঠে যায় তাদের গাড়িটি। একসময় গাড়িটি সেতুর ওপর দিয়ে প্রায় ৫০ ফুট উঁচু থেকে রামগঙ্গা নামক অগভীর নদীতে পড়ে যায়।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অমিত ও বিবেক নামে দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তৃতীয় জনের পরিচয় সম্পর্কে জানার জন্য বিস্তারিতভাবে কাজ করা হচ্ছে।
এই দুর্ঘটনার জন্য নিহতদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করার পাশাপাশি কেন সেতুটি অসমাপ্ত ছিল এবং সেতুর শুরুর মুখে কেন কোনো ব্যারিকেড স্থাপন করা হয়নি, সেই প্রশ্নও তোলেন।
এদিকে এই দুর্ঘটনার পরেই কোন নির্মাণাধীন স্থলগুলিতে ব্যারিকেট স্থাপন স্পষ্ট সতর্কতার সংকেত ব্যবহার করার দাবি উঠেছে। অসম্পূর্ণ বা বন্ধ রাস্তাগুলির সমস্ত তথ্য জিপিএস ম্যাপিং পরিষেবাগুলিতে নিয়মিত আপডেট করারও দাবি করা হয়েছে।
