গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

ইবি প্রতিনিধি

গুচ্ছ ব্যতিরেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির। আগামী তিনদিনের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য বলা হয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি আগামীকাল বুধবার লিখিত আকারে উপাচার্যকে দেওয়া হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। বুধবার লিখিতভাবে জমা দিব। নিজস্ব পদ্ধতির বাইরে পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।’
সভা সূত্রে জানা যায়, বিভিন্ন অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী তিনদিনের মধ্যে একক পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি জানানো হবে। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয় তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। গত বছরের মতো সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি-না জানতে চাইলে ড. মামুনুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের আচার্য। যেহেতু তার সুপ্রিম পাওয়ার তাই এমন কিছু হলে আমাদের আবার ভাবতে হবে। আমাদের মতের বিপক্ষ কোনো কিছু হলে পরবর্তী কার্যক্রমের বিষয়ে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।’

প্রসঙ্গত, গত বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থান নিলেও পরবর্তীতে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে। এদিকে ২০২২-২৩ শিক্ষবর্ষে সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশের পর ফের গুচ্ছে অংশ নেয় ইবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights