গুলশানে প্রকাশ্যে গুলি, ডিশ ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে ডিশ ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, বুধবার (২৬ মার্চ) দুপুরে উত্তরা র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২০ মার্চ রাতে রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে গুলিতে নিহত হন সুমন মিয়া ওরফে টেলি সুমন। পরিবারের দাবি, মহাখালী এলাকার ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত।

পরিবারের অভিযোগ, ইন্টারনেট সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার ঘটনায় সুমনের স্ত্রী মৌসুমি আক্তার বাদী হয়ে পরদিন (২২ মার্চ) গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, সেভেন স্টার গ্রুপের রুবেল ও তার সহযোগীরা এর আগে একাধিকবার সুমনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছিল এবং তাকে মারধরও করেছিল। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই সুমনকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights