গুলশানে সরকারি প্লট দখল : সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু হয়েছে। আসামিদের করা অব্যাহতির আবেদন নামঞ্জুর করে সোমবার এ আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম।

গত ২০ মে এ মামলার চার্জ ও অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়। এরপর আদেশের জন্য ৬ জুলাই দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ কারাগারে থাকা সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়।

এদিন দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর শামীম হোসেন। আসামিপক্ষে ছিলেন জেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, বোরহান উদ্দিন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন।

পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights