গুলিস্তানে পার্কে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্কে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় বসবাস করে। তার বাবা পানি এবং মা কলম বিক্রি করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিস্তানের মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় শিশুটি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বাবা-মা শিশুটিকে খুঁজতে থাকেন। সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, স্থানীয়রা এক যুবককে গণধোলাই দিয়ে গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শুক্রবার ভোরে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের বটগাছের নিচে রিয়াদ গাজী নামে ওই যুবক শিশুটিকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন। তখন স্থানীয়রা দেখে ফেলে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।
এসআই তুষার দেবনাথ জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হবে। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
