গোড়ালির চোটে প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না সাদমান
অনলাইন ডেস্ক
সপ্তাহখানেক পর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর চোটের কারণে চলমান টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করা অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি চোট গুরুতর হলে দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।
শুক্রবার সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান সাদমান। পরে তাঁকে মাঠ থেকে স্ট্রেচারে করে বের করে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ড্রেসিংরুমে রাখা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর স্ক্যান করা হয়েছে। শনিবার স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর চোটের মাত্রা ও সুস্থ হতে কত দিন লাগতে পারে, তা জানা যাবে।
বিসিবির বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, সাদমানের বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। চোটের কারণে তিনি আর ফিল্ডিং করতে পারেননি। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্ক্যান করানো হয়েছে। আপাতত প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই তিনি।
বায়েজীদুল বলেন, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তাঁর একটা ইনজুরি আছে। কাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো কন্ডিশনে নেই।’
এদিকে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ সাদমানের শারীরিক অবস্থা নিয়ে আশার কথা শুনিয়েছেন পেসার হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সাদমান ভাই এখন বিপদমুক্ত। ঠিক আছেন এখন। সামনে আরেকটু দেখবে হয়তো। কী অবস্থা, কতদিন লাগবে (মাঠে ফিরতে), এগুলো ফিজিও জানাবেন।’
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৭৮তম ওভারের প্রথম বলে আমির জাঙ্গুর ফ্লিক করা বলটি সীমানার দিকে যাচ্ছিল। বল আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির কাছে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় কাতরাতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।
মাঠে দ্রুত ফিজিও এলেও প্রাথমিক চিকিৎসায় তেমন উন্নতি হয়নি। পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পায়ে ব্যথা ও ফোলাভাব থাকায় হাঁটতে পারছিলেন না সাদমান। শেষ পর্যন্ত তাঁকে হুইলচেয়ারে করে হাসপাতালে নেওয়া হয়।
স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে, কতটা গুরুতর সাদমানের চোট এবং কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন। একই সঙ্গে নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর খেলা নিয়ে শঙ্কা কতটা।
