গোপালগঞ্জে ইউপি নির্বাচনের ফল বাতিলের দাবি নিয়ে সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে ফলাফল বাতিলের দাবি করে নির্বাচনী মালামাল আটকে দেওয়ায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। আজ সন্ধ্যায় পরাজিত তিন প্রার্থীর সমর্থকরা ইভিএম মেসিন আটকে দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।

এতে পুলিশের ১০ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এছাড়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জানা যায়, আজ ওই ওয়ার্ডের নির্বাচনী ফলাফলে সাবু মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং নির্বাচনী মালামাল নিয়ে সন্ধ্যায় আইন-শৃংখলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা জেলা সদরে ফেরার সময় পরাজিত অপর ৩ প্রার্থী মতিয়ার রহমান ফকির, পলু মোল্লা ও ইব্রাহিম কাজী নির্বাচন বাতিলের দাবি জানিয়ে তাদের সমর্থকদেরকে সাথে নিয়ে হামলা চালিয়ে নির্বাচনী মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ফলে আইন-শৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি চালায়।
সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights