গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
গোপালগঞ্জ প্রতিনিধি
সরকারের ডিজিটাল ও ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যকে এগিয়ে নিতে গোপালগঞ্জের বোয়ালিয়া বাজারে বিশেষ ব্যাংকিং ক্যাম্পেইন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
রবিবার বাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটির গোপালগঞ্জ শাখা।
তারই অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বোয়ালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মেজবাউল হক মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন খান। ব্যাংকটির গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল এতে সভাপতিত্ব করেন।
কাজী সিহাবুল ইসলাম বলেন, সরকার ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। সে কারণে আমাদের ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকের পাশে এসে দাঁড়িয়েছে। এতে লেনদেনে সময় সাশ্রয় হবে। সেবা গ্রহীতারা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করতে পারবেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কেনাকাটা, মার্কেটিং, ব্যাংকিংসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিতে আমরা ক্যাশলেস ব্যাংকিং সেবার ব্যবস্থা করেছি। এ কারণে আধুনিক সব প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে বাংলা কিউআর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই, কিউ ক্যাশ, পজ উল্লেখযোগ্য।
