গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় জেলায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে শীতের তীব্রতা বেড়েছে। এর মধ্যে ভোর ৬টা থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে দিনমজুরেরা। এক দিকে শীত অন্য দিকে বৃষ্টি হওয়ায় কাজে বের হতে পারেনি তারা। কোথাও সূর্যের মুখ দেখা না গেলেও ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষগুলোকে। শীতে দুর্বিষহ দিন পার করছেন তারা। এছাড়া শিশু কিশোররা স্কুলে যেতে পারছে না অতিরিক্ত ঠাণ্ডার কারণে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights