গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গোপাগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিঙ্গাপুর প্রবাসী রাজীব শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় তার ছোট ভাই রানা শেখ (২৫) মারাত্মক আহত হয়। তাকে আশংকাজনকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব শেখ ও মারাত্মক আহত রানা শেখ মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামের জব্বার শেখের ছেলে। দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে করে মুকসুদপুর উপজেলা সদরে যাছিলেন।
মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম ১ জনের মৃত্যুর থবর নিশ্চিত করে জানিয়েছেন, মুকসুদপুর থেকে বরইতলাগামী লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলে বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী রাজীব শেখ নিহত হয়। এতে মোটরসাইকেল আরোহী রানা শেখ ও বাসযাত্রীসহ অন্তত ১৬ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত আহত রানা শেখকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুকসুদপুর হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
