গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

অনলাইন ডেস্ক

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখল স্পেন। গুয়াদালাহারায় উরুগুয়েকে ১-০ গোলে হারায় তারা। স্পেনের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪২ মিনিটে। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার আরেকটি বড় ভুলের সুযোগ নিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা।

মুসলেরার সেই ভুলের পরই কঠোর সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। বিরতির সময় অভিজ্ঞ এই গোলরক্ষককে তুলে নেন তিনি। ম্যাচে আর ফিরতে পারেনি উরুগুয়ে। প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেল তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযান। এর আগে ২০২২ বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল উরুগুয়ে।

গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। তাতেই বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দেশটি শেষ ৩২ নিশ্চিত করেছে। তিন ম্যাচেই ড্র করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে তারা।

অন্যদিকে একটি হার ও দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights