ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে ভোলা জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ভোলায় ৭ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় ভোলায় ৭৪৩টি আশ্রয়ণ কেন্দ্র ও সকল মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়সহ সাত উপজেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৮শত ৬০ জন সিপিপি ভলান্টিয়ার ও ৯২টি মেডিকেল টিম। এছাড়া সকাল থেকে ভোলার সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। দুপুরের দিকে আশ্রয়কেন্দ্রগুলোতে চরাঞ্চলের মানুষদের আনা শুরু হবে ।
এছাড়াও প্রয়োজনে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। জেলেরা যারা সাগরে বা দূরবর্তী স্থানে রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার জন্য খবর পাঠানো হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোর বেড়িবাঁধের তদারকি চলছে।

ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি, ঘূর্ণিঝড়কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযান ৩টি ধাপে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সকাল থেকে আকাশ মেঘাছন্ন রয়েছে ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে মেঘনা ও তেঁতুলিয়া নদী স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights