চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে।

জানা যায়, রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights