চট্টগ্রাম হাসপাতালের আইসিইউ-ওটিতে অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর প্রদান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অনলাইন ভার্সন
চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অপারেশন থিয়েটার (ওটি) বিভাগের জন্য চারটি অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন মানবিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে কার্ডিয়াক মনিটরগুলো অনুদান হিসেবে প্রদান করেন। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স) ডা. আজগর আলী চৌধুরীসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন বলেন, এই চারটি অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর আইসিইউ ও অপারেশন থিয়েটারে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও স্বল্প আয়ের রোগীরা আরও উন্নত ও মানসম্মত সেবা পাবেন।
তিনি এ মূল্যবান অনুদানের জন্য দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের সহযোগিতা রোগীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
