চট্টগ্রামে অবৈধভাবে মজুদ ৬ হাজার লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর এলাকায় অবৈধভাবে মজুদ করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় ডিজেল লোডিং ও আনলোডিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের একটি দল অংশ নেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেলের ডিপো থেকে জ্বালানি পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল সংগ্রহ করে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার কমিশনার ঘাটা এলাকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার লিটার ডিজেল ও লোড-আনলোডে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

জব্দ করা ডিজেল ও সরঞ্জাম পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights