চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে এক সাবেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মৃত আবুল কালামের স্ত্রী। সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি।

বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তাঁরা ভেতরে গিয়ে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ওসি আরও জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights