চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে মো. রাসেল (২৩) নামের এক যুবককে তার চাচা জালাল উদ্দিন (৪৫) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল পেশায় সিএনজি চালক ছিলেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, অভিযুক্ত জালালকে আটকের জন্য পুলিশ কাজ করছে। রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লিটন চৌধুরী জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার পর গলার ডান পাশে কাটা অবস্থায় রাসেলকে হাসপাতালে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এদিকে রাসেলের আরেক চাচা নাছির মিয়ার বরাতে পুলিশ জানিয়েছে, জালাল উদ্দিন চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি পটিয়ার গ্রামের বাড়িতে গিয়ে দেখেন তার একটি তোশক ভাতিজা রাসেল ব্যবহার করছে। এনিয়ে চাচার সাথে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার দেড় বছর ও চার মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights