চট্টগ্রামে দেশের প্রথম ই-পারিবারিক আদালত চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দেশের প্রথম ই-পারিবারিক আদালত আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বিচারব্যবস্থাকে আধুনিক ও সহজীকরণে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এ ব্যবস্থায় বিচারপ্রার্থীরা ঘরে বসেই মামলা সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন, আবেদন করতে পারবেন, এমনকি সাক্ষ্যও দিতে পারবেন। এতে সময়, ভোগান্তি ও খরচ—সবই কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

রবিবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ই-পারিবারিক আদালত বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর একটি যুগান্তকারী উদ্যোগ। মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম সবই অনলাইনে সম্পন্ন হবে। এতে কাগজপত্রের ব্যবহার কমবে, নথি হারানোর ঝুঁকি থাকবে না এবং মামলা দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।”

তিনি জানান, মামলা সংক্রান্ত যেকোনো তথ্য এসএমএসের মাধ্যমেও পেয়ে যাবেন বিচারপ্রার্থীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সূত্র জানায়, ই-পারিবারিক আদালতে পাঁচ ধরনের বিষয়ে বিচার কার্যক্রম পরিচালিত হবে— বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।

আদালতের নিজস্ব ওয়েবসাইটে থাকবে মামলার রেজিস্ট্রেশন, আইনজীবী নির্বাচন, নথি আপলোড, অনলাইন হাজিরা ও অগ্রগতি দেখার সুবিধা। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয়ও নিশ্চিত করা হবে।

এ ব্যবস্থার মাধ্যমে দেশের বিচারব্যবস্থায় বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights