চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারি রিক্সা চালকদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা বেলা ২টা পর্যন্ত চলে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ। এরপরও চালকরা তা মানছে না। ফলে ঘটছে দুর্ঘটনা। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
