চট্টগ্রামে ভূমি-গৃহহীন মুক্ত হচ্ছে আরও দুই উপজেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে আনোয়ারা ও হাটহাজারী উপজেলাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন শূন্য ঘোষণা করবেন।

এর আগে চট্টগ্রামে ছয়টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন শূন্য উপজেলা ঘোষণা করা হয়েছিল। তাছাড়া, চট্টগ্রামে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হবে।

সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ কামাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, মাসুদ রানা প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রামের ভূমিহীন ও গৃহহীন (৪র্থ পর্যায়ের ২য় ধাপ) ২৪৪টি পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করবেন।

সরকারি উদ্যোগে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেওয়ার নজির পৃথিবীর কোথাও নেই। ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ- ২ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারি সারাদেশে ৬৩ হাজার ৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights