চট্টগ্রামে যোগ ব্যায়াম দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নানা বয়সী আটশ’ যোগব্যায়ামে উৎসাহীকে নিয়ে বর্ণিল আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। গতকাল শুক্রবার নগরীর টাইগারপাসের নেভি কনভেনশন হলে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন নগরীর সিনিয়র সিটিজেনরাও। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি’ বা ‘যোগ নিজের এবং সমাজের জন্য’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। তিনি বলেন, যোগ ব্যায়াম ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি। যোগব্যায়াম বিশ্বের কাছে ভারতের একটি উপহার। কিন্তু এটি এখন সবাই গ্রহণ করছেন এবং এইভাবে এটি একটি সাধারণ ঐতিহ্যে পরিণত হয়েছে। যোগের অনুশীলন তার তিনটি স্তম্ভ আসন (শরীরের ভঙ্গি), প্রাণায়াম (শ্বাসের ব্যায়াম) এবং ধ্যান যোগের মাধ্যমে মন এবং শরীরকে একীভূত করে আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দ্রæত বাড়ছে।

এতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, সমাজসেবক রফিক আহমদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, নিছার উদ্দিন মঞ্জু, রুমকি সেন গুপ্ত, শিপার্স কাউন্সিলের লোকপ্রিয় বড়ুয়া প্রমুখ।
যোগ দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশনের নেতৃত্বে যোগ অনুশীলন করা হয়। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন কোয়ান্টাম ফাউন্ডেশন এবং এই জাতীয় সব সংস্থাকে বাংলাদেশে সুস্থ জীবনের উপায় হিসাবে যোগকে প্রচার করার জন্য এবং যোগের মাধ্যমে বিশ্ব শান্তি, সম্প্রীতি, প্রেম এবং আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights