চট্টগ্রামে রোস্তোরাঁর রান্নাঘরে অভিযান, তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদে রেস্তোরাঁ ও ফাস্ট ফুড চেইন ‘সাদিয়াস কিচেনে’র প্রধান রান্নাঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ের অফিসার ফরহানুল ইসলামসহ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপির একটি টিম।

অভিযানে ‘সাদিয়াস কিচেন’-এ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। সেখানে পচা ডিম ও ব্রেডক্রাম্প ব্যবহার এবং ফ্রিজে উচ্ছিষ্টের সঙ্গে মুরগির মাংস ও খোলা অবস্থায় দই সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া প্রক্রিয়াকরণ কেন্দ্রে ইঁদুর, তেলাপোকা ও মশা-মাছির উপদ্রব, খোলা ড্রেনেজসহ নানা অসঙ্গতি ধরা পড়ে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদন করার মতো অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে সাদিয়াস কিচেনের মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, ‘অভিযানের সময় নানা অনিয়ম পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights