চট্টগ্রামে ‘সুন্দি’ প্রজাতির ১২ কচ্ছপসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সুন্দি প্রজাতির ১২টি কচ্ছপসহ দুইজন বিক্রেতাকে আটক করেছে বনবিভাগের একটি দল।

বুধবার দুপুরে নগরের আসকারদীঘির পশ্চিম পাড়ের প্যারাগন হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দু’জন হলেন কক্সবাজারের মহেশখালী এলাকার আদেশ বড়ুয়া (৫৫) ও একই এলাকার রিপু বড়ুয়া (৩৭)। স্থানীয়ভাবে এগুলো চিতা কাছিম নামে পরিচিত।
বন্যপ্রাণী বিভাগ চট্টগ্রামের সদর রেঞ্জার মোহাম্মদ ইসমাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে বনবিভাগের দুইজন কচ্ছপ কিনতে যান। পরে ওই চক্রের একজন সদস্য কচ্ছপ সরবরাহ করা যাবে বলে জানান। বুধবার সেখানে গেলে তারা কচ্ছপগুলো সরবরাহ করে। এরপর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। কচ্ছপগুলো নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) এবং ৪১ ধারা অনুযায়ী মামলা করেছে বনবিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights