চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা এলাকায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রেদোয়ানুল হককে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনীরা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল হক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার উত্তর নরবিনা এলাকার মোক্তার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি মো. রেদোয়ানুল হক আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শানু আক্তারকে শ্বাসরোধ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. রেদোয়ানুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মোহাম্মদ হোসেনের ভাড়া বাসার বাথরুমের দরজার লোহার ফ্রেমের সঙ্গে গলায় ওড়না দিয়ে অর্ধঝুলন্ত অবস্থায় নয় মাস অন্তঃসত্তা শানু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ঠোঁটে রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় শানু আক্তারের ভাই মো. ইসকান্দর বাদী হয়ে স্বামী মো. রিদয়োনুলকে একমাত্র আসামি করে নগরের চান্দগাঁও থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সিকদার ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১৯ জুলাই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। আদালতে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights