চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানে জড়িত ছয়জনকে সাত বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় ছয়জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা বেগমের আদালত এ রায় দেন। আট বছর আগে নগরের পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করা হয়েছিল।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাটহাজারী থানার ছিপাতলী কাজিরবিল নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির মো. শাহজাহান বাবলু (২৩), একই এলাকার তালুকদার বাড়ির মো. হাসান (৩২), ফটিকছড়ি থানার দৌলতপুর ভোলা কোম্পানি বাড়ির মো. নিজাম উদ্দিন (২৫), আশরাফ চৌধুরী বাড়ির কায়সার বিন ইউছুফ (৩১), একই থানার পূর্ব ফরহাদাবাদ নুর আহাম্মদ ইঞ্জিনিয়ারের বাড়ির মো. বাহাদুর (২৮) ও রাউজান থানার গনি পাড়ার শফিউল আজম (২৭)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৬ জুলাই নগরের পাঁচলাইশ থানার হিলভিউ এলাকা থেকে স্বর্ণের ১৮টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচঁলাইশ থানার তৎকালীন এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। একই বছরের ২ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এই মামলায় আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি মো. আবদুর রশীদ বলেন, আট বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনের সাত বছরের কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় মো. বাহাদুর ও মো. হাসান উপস্থিত ছিলেন। অন্য চার আসামি পলাতক। মো. বাহাদুর ও মো. হাসানকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights