চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার হওয়া মো. হেলাল ও ইলিয়াছ হোসেন অপুর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, তাহসিন হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত ২৫ অক্টোবর রাউজান থানার জলিলনগর বাস স্টেশন এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি মো. হেলাল (৩৫) ও তার দেওয়া তথ্য মতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আসামি মো. ইলিয়াছ হোসেন অপুকে (২৭) নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ২৬ অক্টোবর দিনগত রাতে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকা থেকে তাহসিনের তথ্যদাতা মো. এমরানকে (১৯) গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বলেন, প্রকাশ্যে ব্যবসায়ী তাহসিনকে গুলি করে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার হেলাল ও ইলিয়াছ হোসেন অপুর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত মো. হেলালের ৩ দিন ও ইলিয়াছ হোসেন অপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ অক্টোবর রাতে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন-সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ ও মো. হেলাল।

তাহসিন ইট ও বালুর ব্যবসায় যুক্ত ছিলেন। ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। গত ২১ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে তাহসিন সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights