চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: ক্রীড়া প্রতিমন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষায় খেলাধুলাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকালে বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নতুন বইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, বাংলাদেশের খেলাধুলার ইতিহাসসহ বিভিন্ন ধরনের খেলাধুলা সম্পর্কে বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। নতুন প্রজন্মকে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
আমিনুল হক বলেন, আজকের খেলায় দর্শকদের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের মানুষ খেলাধুলাপ্রেমী। বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের আনাচ-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসর আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের আসরে ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
খেলাধুলার প্রসারে মাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ১৩টি সিটি কর্পোরেশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে মাঠ নির্মাণ ও সংস্কারের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এলে সেগুলো সংস্কার করে আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার ও বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
উল্লেখ্য, চলতি মাসের ৪ অক্টোবর শুরু হওয়া ১৪টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরা বাংলা ফুটবল একাদশ দল।
