চবিতে শুরু হচ্ছে ৯ম প্রতীকী জাতিসংঘ সম্মেলন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে ৯ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৫। আগামী ১৫ থেকে ১৮ জানুয়ারি চলবে এই সম্মেলন।
রবিবার (৫ জানুয়ারি) চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ও সম্মেলনের মহাসচিব ইশফাকুল কবির আসিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্মেলনের উপ-মহাসচিব রেহনুমা তাবাসসুম, মহাপরিচালক নাজমুস সাকিব নুহাশ এবং চীফ অব স্টাফ আবদুল্লাহ আল মুহাইমিন।
এসময় বলা হয়, চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আগামী ১৫ জানুয়ারি সম্মেলনের উদ্বোধন হবে। সমাপনী অনুষ্ঠান সংঘটিত হবে ১৮ জানুয়ারি দুপুর দুইটায়।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথিথাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ এবং অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
এবারের সম্মেলনে নেপাল, মালয়েশিয়া, ক্যামেরুনসহ দেশ বিদেশের ৪০ টি প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন।
