চবির অ্যাকাডেমিক কাউন্সিলে বাকবিতণ্ডা: ‘গলা চেপে ধরব’ বলে হুমকি ডিনের

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. গোলাম কবীরকে ‘গলা চেপে ধরব’ বলে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৪৪ তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত শিক্ষক চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। কাউন্সিলের একটি এজেন্ডায় লিখিত পরীক্ষা ছাড়া কীভাবে জাতীয় খেলোয়াড়দের নেওয়া যায় এ বিষয়ে মতানৈক্যের একটি পর্যায়ে এমন ঘটনা ঘটে।

বুধবার এই ঘটনার সুবিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেন অধ্যাপক গোলাম কবীর। বিষয়টি নিয়ে শিক্ষক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, অধ্যাপক গোলাম কবীর ও ডিন ড. মাহবুবুল হকের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় উপাচার্য তাদের শান্ত হতে বলছিলেন। দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে ডিন উত্তেজিত হয়ে চট্টগ্রামের ভাষায় বলে ওঠেন, ‘গলা চিবি ধইয্যুম এক্কোবারে’ (একবারে গলা চেপে ধরব)। এ সময় বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক হেলাল নিজামী কলা অনুষদের ডিন মাহবুবুল হককে নিবৃত্ত করা চেষ্টা করেন।

অধ্যাপক গোলাম কবীর বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় একটা অ্যাজেন্ডা আলোচনার সময় আমি ভিসিকে সাপোর্ট করলাম, ওনার (ডিন) সঙ্গে তখন দ্বিমত হচ্ছিল, হঠাৎ করেই ‘বেয়াদব’, ‘গলা চেপে ধরব’ বলে তিনি আমার দিকে তেড়ে আসেন। অন্য ডিনরা না থামালে তিনি হয়তো শারীরিকভাবে লাঞ্ছিত করতেন।’

তিনি বলেন, একটা অ্যাজেন্ডা ছিল, লিখিত পরীক্ষা ছাড়া কীভাবে জাতীয় খেলোয়াড়দের নেয়া যায়। তিনি (ডিন) বলছিলেন এভাবে হলে নৈরাজ্য হবে। আমি বললাম, একটা সিস্টেম ডেভেলপ করলে নৈরাজ্য হবে কেন। এভাবে দ্বিমত হতে হতে হঠাৎ তিনি ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠেন।’

উপাচার্যকে দেওয়া চিঠিতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে লেখেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতা বোধ করছি। এ অবস্থায় এ বিষয়ে আপনার কাছ থেকে সুবিচার প্রত্যাশা করছি এবং আমার নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হকের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights