চব্বিশে জেগে গিয়েছে ছাত্রসমাজ : শিবির নেতা

কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. সিবগাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা হুংকার দিচ্ছে। আমরা বলে দিতে চাই। আপনার কাপুরুষের দল। আপনারা কোন ষড়যন্ত্র নিয়ে আর সফল হবেন না কারণ বাংলাদেশের ছাত্রসমাজ চব্বিশে জেগে গিয়েছে।’

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লার পূবালী চত্বরে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, ‘আপনারা ছাত্রলীগ দিয়ে ও পেটোয়া পুলিশ দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি দিয়ে আমাদের দমন করার চেষ্টা করেছিলেন। আমরা ছাত্রসমাজ বলে দিয়েছিলাম কোন ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আমরা টিকতে দিবনা। যারা তাদের পুনর্বাসন করবেন তাদের বলে দিতে চাই, আমাদের রক্ত এখনও শুকায়নি, আমাদের শহীদ ভাইদের চেতনা আমরা ধারণ করি।’

এর আগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। নগরীর টমছমব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি কান্দিরপাড় গিয়ে শেষ হয়। কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা।

ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক তাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি হাছান আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights