চরম ক্লান্ত ক্রিস্টোফার নোলান, যাবেন তিন বছরের বিরতিতে

শোবিজ ডেস্ক
অস্কারজয়ী বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত নতুন ছবি ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। তবে গ্রিক মহাকাব্যিক এই রূপান্তর পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে নিজের শারীরিক ও মানসিক সহনশীলতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন বলে জানিয়েছেন এই প্রখ্যাত নির্মাতা। ফলে পরবর্তী সিনেমার জন্য ভক্তদের অন্তত আরও তিন বছর অপেক্ষা করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘টুডে’-র সঙ্গে এক সাক্ষাৎকারে নোলান সম্প্রতি সিনেমাটির নির্মাণশৈলী এবং পেছনের নানা কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। প্রায় দুই দশক ধরে মাথায় লালন করা এই স্বপ্নের প্রজেক্টটি বাস্তবায়নে কেন এতটা সময় বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে নোলান জানান, এটি এমন একটি প্রজেক্ট যা আধুনিক বড় ক্যানভাসে আগে কখনো তৈরি হয়নি। এতে প্রেম, যুদ্ধ, ঘরে ফেরা এবং পরিণত বয়সে পদার্পণের মতো নানা মাত্রার আবেগ লুকিয়ে রয়েছে, যা যেকোনো দর্শকের মন ছুঁয়ে যাবে।

গ্রিক পৌরাণিক এই গল্পকে সেলুলয়েডে রূপ দেওয়া একেবারেই সহজ ছিল না বলে জানান নির্মাতা। শুটিংয়ের কঠিন অভিজ্ঞতার কথা মনে করে নোলান বলেন, ছবির কেন্দ্রীয় অভিনেতা ম্যাট ড্যামনকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু বিশাল নৌকায় শুটিং বা সাইক্লপসের গুহায় পৌঁছানোর দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পর সবাই টের পান কাজটি কতটা চ্যালেঞ্জিং ছিল। নোলানের মতে, ‘দ্য ওডিসি’-র মতো ছবি বানাতে গিয়ে যদি কষ্ট না হয়, তবে বুঝতে হবে কাজে কোথাও খামতি থেকে গেছে।

হলিউডের ইতিহাসে এই প্রথম কোনো ছবি পুরোপুরি আইম্যাক্স ৭০ মিলিমিটার ফিল্মে শুট করা হয়েছে। নোলান জানান, দর্শকদের একেবারে সাইক্লপসের গুহা কিংবা অডিসিয়াসের জাহাজের ডেকে উপস্থিত করার অনুভূতি দিতেই তিনি এই বিশেষ ফরম্যাট বেছে নিয়েছেন। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে এটাই তার প্রথম পুরো আইম্যাক্স ফিল্ম।

‘ওপেনহাইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর ‘দ্য ওডিসি’ নিয়ে নোলান ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ম্যাট ড্যামন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া এবং টম হল্যান্ডের মতো একঝাঁক তারকা অভিনীত তিন ঘণ্টার এই মহাকাব্যিক থ্রিলারটি বক্স অফিসেও ইতিহাস গড়বে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তেই ছবিটি বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি ডলার আয় করতে পারে। সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিহাস গড়ার পথে থাকলেও নিজের সমস্ত শক্তি নিংড়ে দেওয়া এই নোলান যে আপাতত কিছুদিন বড় পর্দা থেকে দূরে থেকে বিশ্রাম নিতে যাচ্ছেন, তা একদম স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights