চাঁদপুরে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ফরিদগঞ্জে ইভা আক্তার (১৭) এর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের ছৈয়াল বাড়ির নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। ইভা ইমাম হোসেনের মেয়ে। সে শোল্লা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মো: সাদেকুর রহমান বলেন, ইভা প্রতিদিনের মতো সকালে কলেজে যায়। বিকেলে কলেজ থেকে এসে নিজেদের বসতঘরে শয়ন কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করে, তার কোন সাড়া-শব্দ না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখে তার মরদেহ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

এসময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। তবে কি কারণে ইভা আত্মহত্যা করেছে , তা নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মো: হানিফ সরকার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে কলেজ শিক্ষার্থী ইভার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শিক্ষার্থীর মরদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights