চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামে দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে কচুয়া থানা পুলিশ তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

গ্রেফতার সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নে হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত. বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ীর আব্দুল হালিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় গৃহবধূ (৩০) তার দশ বছর বয়সী ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হলে তাকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়ীতে গেলে অভিযুক্তরা তার ছেলে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছে বলে সেখানে নিয়ে যায়। পরে সেখানে গেলে ওই গৃহবধুকে দু”যুবক ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে সম্মান হানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করে। কিন্তু কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে। গৃহবধূ পুলিশকে জানায়, তার নিখোঁজ হওয়া ছেলেকে পরবর্তীতে মাদ্রাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে শুক্রবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights