চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাস মুক্ত ঢাকা-১৪ আসন গড়ে তুলতে চাই: নিখিল
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিজয়ী নৌকার প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যে বা যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। আমি চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীমুক্ত ঢাকা ১৪ আসন গড়ে তুলতে চাই।
আজ সোমবার রাজধানীর কল্যাণপুরে বস্তিবাসীদের আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক বিক্রি ও সেবনের সাথে যারা আছে সবার নামের লিস্ট তৈরি করে আমাকে দিবেন, আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। মাদক বিক্রি ও সেবনের সাথে যদি আওয়ামী লীগের কেউ জড়িত থাকে তাদেরও নামের লিস্ট আমাকে দেবেন। কারণ বঙ্গবন্ধুর সৈনিক কখনো মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকতে পারে না।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ উল্যাহ কাউসার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিক্কনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
