চাঁপাইনবাবগঞ্জ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলের কয়েকটি গ্রামে পাঁকা সড়ক না থাকায় ভোগান্তিতে ছিল কয়েক হাজার বাসিন্দা। পাকা সড়ক পেতে কয়েক কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে যেতে হতো। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর হতে জলাহার পর্যন্ত এই সড়কের কাজ শুরু হচ্ছে। বুধবার ২.৩ কিলোমিটার পাঁকা সড়কের কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
দুই কিলোমিটার রাস্তা নির্মানের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় খুশি ও উচ্ছ্বসিত স্থানীয়রা। স্থানীয় আজিজুর রহমান বলেন, প্রায় ৪০ বছর থেকে জলাহার গ্রামে বসবাস করি। কিন্তু শহরে যেতে হেঁটে পাড়ি দিতে হয় দুই কিলোমিটার পথ। বর্ষার সময়ে কাঁদায় লুটোপুটি খেতে হয়। আর অন্যান্য সময়ে ধুলায় অতীষ্ট হয় জীবন।
স্কুলছাত্র আসমাউল হক জানায়, স্কুল যেতে হেঁটে যেতে হয়। কাঁদার সময়ে পিছলে অনেকবার পড়ে গিয়ে আহত হয়েছে এই এলাকার অনেক শিক্ষার্থী। এমনকি পোশাক নষ্ট হওয়ায় আর স্কুলে যাওয়া হয়নি। রাস্তাটি পাঁকা হয়ে গেলে আর এমন ভোগান্তি পোহাতে হবে না। অনেক উপকার হলো আমাদের জন্য।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
