চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে। আজ দুপুরে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান।
বিজিবি অধিনায়ক বলেন, ভোর সাড়ে ৬টার দিকে চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে গিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঢুকতে বাধা দেয়। তাদের বাধার মুখে ওই ৭ জন নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
